মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে নেমে ইন্টার মিয়ামির হয়ে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে গোল-অ্যাসিস্টে সর্বোচ্চের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
সোমবার সকালে টরন্টো এফসির বিপক্ষে ১-১এ ড্র নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের গোলে পিছিয়ে পড়ে তারা। মিনিট তিনেক পর মেসির গোলে সমতায় ফেরে মিয়ামি। এমএলএসের চলতি মৌসুমে এটি মেসির চার ম্যাচে তৃতীয় গোল।
গোলে নতুন এক রেকর্ড ছুঁয়েছেন মেসি। মিয়ামির হয়ে ২৯ লিগ ম্যাচে এটি তার ২৪তম গোল। এসময়ে তার অ্যাসিস্ট আছে ২০টি। সবমিলিয়ে ২৯ ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্ট সংখ্যা ৪৪টি। ক্লাবটির হয়ে, এমনকি মেজর লিগে আর কেউ এই সংখ্যা ছুঁতে পারেননি।
মেসি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনকে। মেজর লিগে গোল-অ্যাসিস্ট মিলিয়ে দুইয়ে তিনি, ৪৩ সংখ্যা ছুঁতে হিগুয়েনের লেগেছিল ৬৭ ম্যাচ।








