যুক্তরাষ্ট্রে মিয়ামিতে লা লিগার একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা আলোচনায় এসেছিল গতমাসে। সেসময় বলা হয়েছিল ডিসেম্বরে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। সময় সীমাবদ্ধতার কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর ম্যাচটি গড়ানোর কথা ছিল মিয়ামিতে। সূত্রের বরাতে সেই পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়েছে ইএসপিএন। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রে খেলা আয়োজনের পরিকল্পনার সাথে জড়িত রিলেভেন্ট স্পোর্টস গ্রুপের কাছে বিষয়টি জানিয়েছে লা লিগার একটি সূত্র। যদিও কোম্পানিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্পেন থেকে যুক্তরাষ্ট্রে নিয়মিত-মৌসুমের খেলা স্থানান্তর করার জন্য লা লিগাকে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, ইউএস সকার, কনক্যাকাফ, উয়েফা এবং ফিফার থেকে অনুমতি নিতে হবে। এদিকে আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ শূন্য। যা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। কেননা অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির খেলা স্থানান্তরের বিষয়ে অনুমোদনের ক্ষমতা থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।







