এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সংঘবদ্ধ কার্টেল বা মাদক পাচার এখনও চিরচেনা রূপে মধ্য আমেরিকা কিংবা লাতিন দেশগুলোতে। বছরের পর বছর ধরে অঞ্চলগুলোতে এসবের প্রভাবে আক্রান্ত হয়েছে ফুটবল। মেক্সিকোতে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের নেতা প্রাণ হারানোর পর রোববার চারটি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।
ঘটনা বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাজারার কাছে। সেই নেতার মৃত্যুর পর সহরজুড়ে শুরু হয় অরাজকতা। যার ফলে মেক্সিকোর শীর্ষ লিগ, লিগা এমক্সয়ে কুয়েরেতারো বনাম জুয়ারেজ এফসি এবং মেয়েদের শীর্ষ লিগে চিভাস বনাম আমেরিকা ম্যাচটি স্থগিত করা হয়েছে। দ্বিতীয় বিভাগের দুটি খেলা বাতিল করা হয়েছে।
সেনাবাহিনীর হাতে প্রাণ হারান কার্টেল জালিস্কো নুয়েভা জেনারেশনের প্রধান এল মেনচো, যার প্রকৃত নাম নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস। তিনি জালিস্কো রাজ্যের গুয়াদালাজারার দক্ষিণ-পশ্চিমে আহত হন, পরে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় মারা যান।
বৃহস্পতিবার সকালে কুয়েরতারোর কোরেগিডোরা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেক্সিকোর। এখনও মেক্সিকান ফুটবল ফেডারেশন কিছু না জানালেও ধারণা করা হচ্ছে ম্যাচটি স্থগিত হতে পারে।
এল মেনচো মৃত্যুর পর, কার্টেল সদস্যরা প্রায় ১২টি মেক্সিকান রাজ্যে গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং রাস্তা অবরোধ করেছে।
জুনে জালিস্কোর রাজধানী গুয়াদালাজারা বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। সেখানে দুটি সাউথ কোরিয়ার এবং একটি করে সহ-আয়োজক মেক্সিকো, স্পেন, উরুগুয়ে এবং কলম্বিয়ার।
কার্টেলটিকে মেক্সিকোতে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়, যার আনুমানিক ১৯,০০০ সদস্য এবং ৩২টি রাজ্যের মধ্যে ২১টিতে কার্যক্রম রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছিল।


