দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শনিবার ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালু করার কথা ছিল। তবে কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হওয়ায় শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল।
বৃহস্পতিবার ১৫ আগস্ট রাতে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন ৬-এর মেট্রোরেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রোরেল আবারও চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল আবারও চালুর জন্য মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।
পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।








