সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার সুবিধার্থে নির্ধারিত সময়ের অতিরিক্ত মেট্রো সার্ভিস পরিচালনা করবে মেট্রোরেল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এক নোটিশে এ তথ্য জানান।
নোটিশে বলা হয়, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।
বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে সংসদভবন এলাকাসংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে তার দাফন সম্পন্ন করা হবে।
এক্ষেত্রে সাধারণ জনগণ জানাজায় অংশ নিতে পারলেও দাফনের সময় তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। জানাজা অংশ নেওয়ার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না বলেও সরকারের তরফে জানানো হয়েছে।








