সকালে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জিতে আসরের শেষ ষোলোয় উঠেছে ইন্টার মিয়ামি। ম্যাচে গোল করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এরপর পেয়েছেন দুঃসংবাদ, প্রতিপক্ষ কোচের ঘাড় ধরার কারণে জরিমানা করা হয়েছে তাকে।
গত ২২ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল মিয়ামি। ওই ম্যাচে শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের সহকারি কোচ মেহদী বালুচির ঘাড়ে পেছন থেকে হাত রেখেছিলেন মেসি। ঘটনার জন্য তাকে জরিমানা করা হয়েছে।
মেজর লিগ সকার কর্তৃপক্ষ কী পরিমাণ জমিরানা করেছে সেটা প্রকাশ করেনি। মেসির মতো এমএলএসের একই ধরনের নিয়ম ভঙ্গ করায় জরিমানা গুনতে হবে লুইস সুয়ারেজকেও। প্রতিপক্ষে খেলোয়াড় বার্ক রিসাকে চিমটি কাটার জন্য তাকে জরিমানা করা হয়েছে।
ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘মাঝে মাঠে মাঠে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফুটবলে আপনাকে খেলোয়াড় এবং তাদের আবেগ বুঝতে হবে। মাঠে যা হয়েছে সেটা মাঠেই থাকুক।’








