ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা গোলদাতা ওয়েইন রুনি। রেড ডেভিলদের ডেরায় ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে খেলেছেন পাঁচ বছরের বেশি। একসঙ্গে প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। পরে করাচ্ছেন কোচিং। এবার শিরোনাম হলেন সর্বকালের সেরা বিতর্কে। যেখানে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখছেন ইংলিশদের সাবেক তারকা।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর চেয়ে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক কেন এগিয়ে সে বিষয়ে রুনি বলছেন, ‘আমার কাছে মনে হয় মেসি, সে সেরা। এক্ষেত্রে আমি শুনি, আপনি কীভাবে মেসির কথা বলেন, হবে রোনালদো।’
‘আমি জানি মানুষে বলতে পারে মেসির কথা, তারা রোনালদোর কথাও বলতে পারে, তারা দুজনই অসাধারণ। সম্ভবত তারা ফুটবলের দুজন সেরা খেলোয়াড়। আমার কাছে, মেসির মধ্যে বিচক্ষণতা কিছুটা বেশি, যা একজন খেলোয়াড়ের মধ্যে আমি পছন্দ করি। সুতরাং তাকে বেছে নেয়ার ক্ষেত্রে এটাই কারণ।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আক্ষেপ করে বলেছেন, ‘আমি যদি জিনেদিন জিদানের সাথে খেলতে পারতাম, কী অসাধারণ একজন খেলোয়াড় সে। মেসি সর্বকালের সেরা, কিন্তু জিদানের সাথে খেলতে পারাটা অসম্ভব ভালো হতো। সে ধীরস্থির, শান্ত, দুই পায়েই খেলে, গোল করে এবং করায়।’
৩৫-এর পর মেসি-রোনালদো ভিন্ন দুই ক্লাবের হয়ে এখনও খেলে চলেছেন। কিন্তু রুনি ২০২১ সালে ৩৬ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিয়েছেন। বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল প্লাইমাউথ আর্গিলের ডাগআউট সামলাচ্ছেন।








