মেজর লিগ সকারের মৌসুম শুরুর পর পুয়ের্তো রিকোতে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডেন্টে ডেল ভ্যালের বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে মিয়ামি।
বৃহস্পতিবার মেসির পুয়ের্তো রিকোর সমর্থকরা ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিলেন। প্রথমার্ধে ৩৮ বর্ষী মহাতারকাকে মাঠে নামাননি কোচ হাভিয়ের মাশ্চেরানো। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের দেখা পান মেসি।
প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্টে ডেল ভ্যালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার তারিখ ছিল ১৩ ফেব্রুয়ারি। মেসি হ্যামস্ট্রিং চোটে ভোগার কারণে সেসময় ম্যাচটি খেলতে পারেনি মিয়ামি। যদিও আসরের বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুম শুরু করে দিয়েছে এবং প্রথম ম্যাচে এলএএফসির বিপক্ষে ৩-০ গোলে হেরেছে।
তারপরও নিজেদের দেয়া কথার বাইরে যেতে চায়নি দলটি। লিগ শুরুর পরও পুয়ের্তো রিকোতে গিয়ে ম্যাচ খেলেছে মিয়ামি। পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে ইভেন্ট প্রোমোটার এবং পুয়ের্তো রিকো সরকারের সহযোগিতায় ইন্টার মিয়ামি পরবর্তী তারিখে ইভেন্টটি পুনঃনির্ধারণ করেছিল।
ওই ম্যাচের নতুন তারিখ নির্ধারণের পর মিয়ামি কোচ মাশ্চেরানো বলেছিলেন, যারা লিগের ম্যাচে সময় কম পায় তাদের প্রীতি ম্যাচে বেশি করে সুযোগ দেয়া হবে। সেটাই করেছেন কোচ। একাদশে মেসি, লুইস সুয়ারেজ, রোক্কো রিয়োস, মোরালেস, ফাকুন্দো মোরাকে ছাড়াই মাঠে নেমেছিল মিয়ামি।







