যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজ ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে নেই লিওনেল মেসি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট কাটা আর্জেন্টিনার অধিনায়ক জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন। এরমাঝে চলছে মেজর লিগ সকারের চলতি মৌসুমও। এলএম টেনকে ছাড়া দল কেমন করছে, সেদিকে নজর দেয়া যাক।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শার্লটের বিপক্ষে ২-১ গোলে জয় পায় মিয়ামি। ইস্টার্ন কনফারেন্স জোনে থাকা দলটি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
গত মৌসুম বিবেচনায় নিলে টাটা মার্টিনোর শিষ্যদের পারফরম্যান্স তাক লাগানো বলা যায়। আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া ছন্দ ধরে রাখা ক্লাবটি ১৫ ক্লাবের ভেতর টেবিলের ১৪তম স্থানে থেকে ২০২৩-২৪ মৌসুম শেষ করেছিল।
এদিকে, মেসির আর্জেন্টিনা শুক্রবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে। এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ।







