ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আড়াই মাস। কিন্তু লিওনেল মেসি খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, ফুটবলের স্বার্থেই বিশ্বমঞ্চে মেসির থাকা উচিত।
বোকা জুনিয়র্সের স্টেডিয়াম ‘লা বোমবোনেরোতে’ শনিবার ভোর সোয়া ৫টায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী কোচ মেসি প্রসঙ্গে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে চাই সে থাকুক। ফুটবলের স্বার্থেই ওর থাকা উচিত। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ মেসির। নিজেই ঠিক করবে খেলবে কিনা। আমরা কোন তাড়াহুড়ো করছি না, সে নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার অর্জন করেছে।’
২০২২ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ৩৮ বর্ষী মেসি আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, গোল সংখ্যা ১১৫। মেসি বিশ্বমঞ্চে পুরো বিশ্ব দেখতে চায় জানিয়ে স্কালোনি বলেছেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বই তাকে খেলতে দেখতে চায়। আমি চাই সে থাকুক, কিন্তু সিদ্ধান্ত নেয়ার অধিকার তারই। তবে মেসি দুটি প্রীতি ম্যাচে খেলবে, কিন্তু শুরু থেকে খেলবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না।’








