নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। একটিতে বিশ্বচ্যাম্পিয়নদের আতিথ্য দেবে প্যারাগুয়ে। সেই ম্যাচে লিওনেল মেসির ‘১০ নম্বর’ ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। ২০ নভেম্বর সকাল ৬টায় পরের ম্যাচে মেসিবাহিনী নামবে পেরুর বিপক্ষে।
প্যারাগুয়ের মাঠে স্থানীয় কোনো দর্শক মেসির ‘১০ নম্বর’ ও আর্জেন্টিনার জার্সি পরে মাঠে ঢুকতে পারবেন না। এ বিষয়ে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়ার বলেছেন, ‘আমরা এরমাঝেই স্টেডিয়ামের সবাইকে জানিয়ে দিয়েছি যে, প্যারাগুয়ের জার্সি ছাড়া অন্যকোনো দেশের জার্সি গায়ে সাধারণ গ্যালারিতে কেউ প্রবেশ করতে পারবেন না।’
স্টেডিয়ামে মেসি-ম্যানিয়া কমাতে এমন নির্দেশনা। ভিলাসবোয়ার কথায়ও সেটি পরিষ্কার, ‘ব্রাজিলের বিপক্ষে ১০ সেপ্টেম্বরের ম্যাচেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আমরা বিশেষ কোনো ফুটবলারের কারণে এমন সিদ্ধান্ত নেইনি। সবার জন্যই আমাদের সম্মান আছে। এটা শুধু হোম সুবিধা নেয়ার জন্যই করা হয়েছে। যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’








