‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক’ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচির মধ্যেই কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মিছিল নিয়ে এসে বিচারপতিদের পদত্যাগে শ্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে চলা মিছিল-শ্লোগানের মাঝেই বুধবার দুপুরে হাইকোর্টের কয়েকজন বিচারপতির সাথে একে একে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
গত ১০ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকেই হাইকোর্টে জড়ক হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একপর্যায়ে তাদের দাবির প্রেক্ষাপটে ওইদিনই পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি।








