দেশে হামের সংক্রমণে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাম প্রতিরোধে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জাতীয় টিকাদান কর্মসূচি।
বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারাদেশে পাঠানো হবে।
৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রায় ২ কোটি ১৯ লাখ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরও জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
হাম মোকাবিলায় স্বাস্থ্যখাতের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যার ব্যবস্থাও রাখা হয়েছে।








