কুমিল্লায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। ইতোমধ্যে জেলায় হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে আরও ২১ জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার ৩০ মার্চ জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির জানিয়েছেন, কুমিল্লায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং আক্রান্তদের বেশিরভাগই শিশু। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত শিশুদের সেখানে ভর্তি করা হচ্ছে। হাসপাতালটিতে ভর্তি থাকা শিশুদের অভিভাবকদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা গেছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, এখানে যারা হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে তাদেরকে বিশেষায়িতভাবে সেবা দেওয়ার জন্য আলাদা একটি ওয়ার্ড গঠন করা হয়েছে। মার্চের ১৮ তারিখ থেকে এখনো পর্যন্ত এ হাসপাতালে ২৫ জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে আটজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুইজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকি ১৫ জন চিকিৎসাধীন আছেন।








