মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। একইভাবে দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন। জানিয়েছেন, এদিনের পারফরম্যান্স যদি ফিনালিস্সিমায় হত তাহলে সেই ম্যাচ হয়ত হেরেই বসত আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ম্যাচটি খেলার কথা ছিল ফিনালিস্সিমা-স্পেনের বিপক্ষে। কিন্তু ইরান যুদ্ধের জেরে ঝুলে থাকার পর ইউরোপ এবং লাতিন আমেরিকা চ্যাম্পিয়নদের লড়াই বাতিল করে দেয় কর্তৃপক্ষ। যেটা নিজেদের জন্য ভাগ্য হিসেবেই দেখছেন মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ভালোভাবেই বুঝতে পারছেন- এই পারফরম্যান্স দিয়ে স্পেনের মতো দলের বিপক্ষে দাঁড়াতেই পারতেন না তারা।
ম্যাচের পর মার্টিনেজ বলেছেন, ‘ভাগ্য ভালো (ফিনালিস্সিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা যদি এভাবে খেলতাম (স্পেনের বিপক্ষে), তাহলে হেরেই যেতাম। সত্যি বলতে খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল। গতি, তীব্রতা বা দলগত পারফরম্যান্সে অনেক ঘাটতি দেখা গেছে। এসব নিয়ে আমাদের আরও ভাবতে হবে। জাতীয় দলের জার্সিতে আরও অনেক ভালো করতে হবে।’
মৌরিতানিয়ার প্রশংসা করে মার্টিনেজ বলেছেন, ‘প্রতিপক্ষ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে আমরা ম্যাচটা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার প্রয়োজন ছিল।’








