ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য চলমান উইন্ডোতে ডাক পেয়েছিলেন ম্যাথিউস কুনহা। যদিও আন্তর্জাতিক বিরতিতে আসার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন উলভারহ্যাম্পটনের এই ফরোয়ার্ড। সেখানেই শেষ নয়, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবার তার শাস্তি আরও বাড়িয়েছে।
এক বিবৃতিতে এফএ জানিয়েছে, কুনহাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭৮ লাখ টাকারও বেশি। এছাড়া আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ থাকবেন তিনি।
এই সময়ের মধ্যে অবশ্য তার দল উলভারের তিনটি ম্যাচ রয়েছে। এর আগে ১ মার্চ এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন ও বোর্নমাউথ। ম্যাচটিতে এক গোল করা ব্রাজিলীয় ফরোয়ার্ড কুনহা শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে প্রতিপক্ষে সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন।
এর আগে অবশ্য কুনহাকে প্রাথমিকভাবেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে তিনি প্রতিপক্ষ ফুটবলার মিলোস কার্কেজের সঙ্গেই কেবল বিবাদে জড়াননি, তিনি তর্ক করেছেন ম্যাচ রেফারি, সতীর্থ এবং কোচিং স্টাফদের সঙ্গেও। শেষমেষ তার দলও সেই ম্যাচটিতে হেরে যায়। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলায় ম্যাচটি ছিল ১-১ সমতায়, পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারে উলভার।
বর্তমানে জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ বাছাই খেলতে দলের সঙ্গে আছেন কুনহা। এমন সময়েই এই দুঃসংবাদ পেলেন ২৫ বর্ষী তারকা ফরোয়ার্ড। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৯ ম্যাচে ১৫ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি।








