যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থার শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ভ্যালেরো শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্র ধাক্কায় পুরো শহর কেঁপে ওঠে এবং শোধনাগার থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে আকাশে।
সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এমন তীব্র শব্দ হয় যে চারপাশের মানুষ প্রকম্পিত হয়ে পড়ে। ধোঁয়া আকাশ ঢেকে দেওয়ায় কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করে।
তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস বলেন, শোধনাগারের একটি হিটিং ইউনিটে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটতে পারে। ধোঁয়া আকাশ ঢেকে দেওয়ায় কর্মকর্তারা সারাদিন এলাকায় বায়ুর মান পর্যবেক্ষণ করেছেন।
ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, শোধনাগারের সকল কর্মী নিরাপদে আছেন। এক বাসিন্দা বলেন, পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের উপস্থিতি নির্দেশ করে। অন্যরা জানান, বিস্ফোরণের ধাক্কায় ঘরবাড়ি ও যানবাহন কেঁপে ওঠে।
ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। এখান থেকে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেলের বেশি গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদিত হয়।








