পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ অকুতোভয় বীর শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে। সেখানে মরদেহ সংরক্ষণ শেষে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ শহীদ হাদির মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ সৃষ্টি না হয়।
এ সময় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়। সকলের প্রতি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।








