চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। দ্রুতগতিতে ফিফটি তুলেছেন ডানহাতি পেস অলরাউন্ডার ওপেনিংয়ে উঠে আসা মিচেল মার্শ। এমন ইনিংসের পর মার্শের উদ্দেশ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, তোমার বাবার থেকে ডিফেন্সের শিক্ষা পাওনি?
ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের দ্রুত বিদায়ের পর ৩৯ বলে ফিফটি তোলেন মিচেল মার্শ। ৫১ বল খেলে ৫২ রান করে রানআউটে কাটা পড়েন। তারপর অনেকটা মজা করেই মিচেলের বাবা জিওফ মার্শকে টেনেছেন গাভাস্কার।
অজি সাবেক জিওফ মার্শ ১১৭ ওয়ানডে খেলেছেন। স্ট্রাইকরেট ৫৫.৩৩, সেখানে তার ছেলে মিচেলের স্ট্রাইকরেট ৯৩.৮৫। বাবা ও ছেলের ওয়ানডে ব্যাটিংয়ে পার্থক্য বিস্তর।
অস্ট্রেলিয়া জয়ে মাঠ ছাড়ার পর মার্শ এবং গাভাস্কার মজার কথোপকথনে যুক্ত হন। সেখানে মার্শকে উদ্দেশ্য করে গাভাস্কার বলেন, ‘তোমাকে কি কেউ এভাবে (ডিফেন্সিভ) খেলার শিক্ষা দেয়নি? কারণ তুমি যা খেলছ সব ব্যাং, ব্যাং, ব্যাং।’
জবাবে মার্শও হাস্যরস করে উত্তর দিয়েছেন, ‘আমি তার(বাবার) অল্প স্ট্রাইকরেটের ঘাটতি পূরণ করার চেষ্টা করছি। অন্যরা আমাকে উসাইন বোল্ট বলে ডাকছে। এটা সত্যিই আমাদের একটি ভালো দিন ছিল।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। সেটা ধরে রাখতে না পেরে ২০৯ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয় তোলে।








