নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তবে বৈঠককে কেন্দ্র করে বন্দর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমাধান খুঁজতে বেলা পৌনে ১১টার দিকে নৌপরিবহন উপদেষ্টা বন্দর ভবনে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা বন্দর ভবনের প্রবেশমুখে উপদেষ্টার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেন।
উপদেষ্টা বন্দর ভবনে প্রবেশের সময় বিক্ষোভকারীরা ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক’, ‘মা-মাটি-মোহনা বিদেশিদের দেব না’ এবং ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।
দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি বৃহস্পতিবার ষষ্ঠ দিনে গড়ায়।
এর আগে গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দৈনিক আট ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। পরে মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি এবং বুধবার সকাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় ‘বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ’।
কর্মবিরতির কারণে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় হাজার হাজার রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে আটকা পড়েছে। এতে রপ্তানি কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








