শিরোপা জয় যেন হয়ে উঠেছিল দূর আকাশের তারা। নিজেদের সোনালী দিনগুলো হারিয়ে খোঁজা দলটি নিয়ে এতকাল হয়নি তাই কম আলোচনা। অবশেষে ইংলিশ জায়ান্টদের দিকে মুখ তুলেন তাকালেন ভাগ্য বিধাতা। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের ট্রফি ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সবশেষ ২০১৭ সালে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রেড ডেভিলরা। এরপর তাদের হাতে আর ওঠেনি কোনো মেজর ট্রফি। এরিক টেন হাগের অধীনে ঐতিহ্যবাহী দলটি শিরোপা জয়ের উল্লাসে মেতে যেন সাফল্যের ধারাবাহিকতার সেই দিনে আবারো ফেরার বার্তাই দিল।
রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম্যাচের ৩৩ মিনিটে লুক শয়ের ক্রসে পাওয়া বলে হেড নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোলের সংকেত দিলে লিড পায় ইউনাইটেড।
ছয় মিনিট পর ওউট ওয়েঘর্স্টের বাড়ানো বল পাওয়া মার্কাস র্যাশফোর্ডের বাঁ পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষের খেলোয়াড় সোভেন বটম্যানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসেল। তাতে কাজের কাজটা হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার পর ট্রফি উঁচিয়ে ধরে উৎসবে মাতে রেড ডেভিলরা।








