গাজীপুরে চাঞ্চল্যকর রাহিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৩ বছর বয়সী শিশুকে হত্যার পর গভীর শালবনে মাটি চাপা দিয়ে মরদেহ গুমের ঘটনায় ভিকটিমের বড় ভাইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় ১৩ বছর বয়সী রাহিমকে হত্যা করে গভীর শালবনের ভেতরে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি বিকেবাড়ি-পদ্মপাড়া এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন ও তার সহযোগী আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুকে নিয়ে রাহিমকে বনে ডেকে নেয়। সেখানে মাফলার দিয়ে গাছে বেঁধে এবং মুখে স্কচটেপ পেঁচিয়ে ভয় দেখানোর একপর্যায়ে গলাটিপে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ধারা ১৬৪ অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।







