গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় একজন মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) রাতে নিজ বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনায় তার হাত, পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। আহত মতিউর রহমান নিলফা গ্রামের বাসিন্দা মোস্তাক আহম্মেদের ছেলে। বিস্ফোরণের পর তাকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, এক আত্মীয়ের বিয়েকে কেন্দ্র করে রাতে ঘরে বসে আতশবাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের ডান হাতের আঙুলের একটি অংশ উড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তবে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, হাতবোমা বা ককটেল তৈরির চেষ্টা চলাকালীন এই বিস্ফোরণ ঘটতে পারে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আহতকে পুলিশ পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।








