হিমালয়ঘেঁষা প্রবল শীতের প্রভাবে ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা হঠাৎ কমে গেছে। একযোগে ২১টির বেশি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অতীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বিভিন্ন সময়ে। ১৯৯৬ সালে দিনাজপুরে ৩ দশমিক ৮ ডিগ্রি, ২০০৩ সালের ৯ জানুয়ারি রাজশাহীতে ৩ দশমিক ৪ ডিগ্রি এবং ২০১৩ সালে সৈয়দপুরে তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রিতে।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে তীব্র শীত অনুভূত হয় ২০১৮ সালে। ওই বছরের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। একই বছর দেশের উত্তরাঞ্চলে দফায় দফায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়।
এছাড়া ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।


