ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুতে একটি মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কে ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ইউএনবি জানিয়েছে, আজ ১৮ এপ্রিল শুক্রবার ভোর ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রড বোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়।
এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এদিকে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায়।
ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক আমির আলী বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড পার হওয়ার পর যানজট পেয়েছি। কতক্ষণে ঢাকা পৌঁছাতে পারব বলতে পারছি না।
ঢাকাগামী পিকাপচালক সিরাজুল ইসলাম বলেন, শুনেছি মেঘনা সেতুর উপর একটি ট্রাক উল্টে গেছে। প্রায় দেড় ঘন্টা একই জায়গায় বসে আছি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হবে।








