সাদা বলের ক্রিকেটে ফর্মহীন সময় কাটাচ্ছিলেন লিটন দাস। শেষ ওয়ানডে ফিফটি ছিল ২০২৩ বিশ্বকাপে। শেষ পাঁচ ওয়ানডেতে রান মোটে ৬, যার মধ্যে তিনটি শূন্য। বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন। সময়টা কঠিন যাচ্ছিল। সেসব পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর পথে বিপিএলে রেকর্ড শতকে জ্বলে ওঠার দিনে লিটন স্মরণ করেছেন ভক্ত-সমর্থকদেরও।
ঢাকা ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম বিপিএল সেঞ্চুরি লিটন তুলেছেন ৪৪ বলে। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতক। ৫৫ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস সাজান ১০ চার এবং ৯ ছক্কায়। লিটনের ঝড়ো ব্যাটিং দলকে প্রথম জয়ের স্বাদ এনে দেয় আসরে, টানা ছয় ম্যাচে হারের বৃত্ত ভেঙে।
পরে ভক্ত-সমর্থকদের প্রসঙ্গে ৩০ বর্ষী লিটন বলছেন, ‘ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই। মানুষ যেমন ভালোবাসবে, তেমন হেটও করবে। দিনশেষে জিনিসটা ফ্যান-ফলোয়ার্স। যেহেতু ক্রিকেট খেলছি, ফ্যান থাকবেই। নিজের কাছেও অনেক বড় একটা প্রশ্ন থাকে আমি ভালো ক্রিকেট খেলছি কিনা। আমার কাছে মনে হয়েছে যে, আমার ক্রিকেটে উন্নতি করা দরকার। যদি উন্নতি করতে না পারি তাহলে নানা কথা উঠবে, আর পারফরম্যান্স করলে মানুষ ভালোবাসবে। এইটাই বিষয়।’







