বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এই সবকিছুই দেখতে হবে।
তিনি বলেন, একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।








