মেসির বাঁকানো এক চোখধাঁধানো গোলেও পারল না মিয়ামি

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিকে একাই টেনে চলেছেন লিওনেল মেসি। তবুও সুবিধা করতে পারছে না সব ম্যাচে। হার, জয়, ড্র- সবমিলিয়ে ভালো অবস্থানে নেই পয়েন্ট টেবিলেও। লিগে সকালে কলম্বাস ক্রুর বিপক্ষে অসাধারণ এক বাঁকানো ফ্রি কিকে গোল করেছেন এলএমটেন। কিন্তু ম্যাচ হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।
কলম্বাসের মাঠে ২-১ গোলে হেরেছে মিয়ামি। ম্যাচের শেষ মিনিটে এক লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয় মেসির দল। ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখানে থেকে জোসেফ মার্তিনেজ কলম্বাসকে লিড এনে দেন।
৩৩ মিনিটে ফ্রি কিক পায় মিয়ামি। শটের স্থানটা ছিল কর্নার থেকে কিছুটা সামনে, পোস্টের সাইড লাইন ঘেঁষে, পোস্টের প্রায় সমান্তরাল এক দূরহ অ্যাঙ্গেলে। সেই সেট পিসে শটের দায়িত্ব থাকে মেসির কাছেই। যা হওয়ার ছিল তাই হয়েছে, তার যাদুকরি শট সরাসরি জালে যায়, ফ্রি কিকটি অনেকখানি বাঁক নিয়ে, পোস্টের এক কোনা দিয়ে গোলরক্ষকের হাতের উপর ঘেঁষে জালে জড়ায়। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে এই দুর্দান্ত দর্শনীয় গোলে মেসি সমতায় ফেরান মিয়ামিকে।
৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় কলম্বাস-মিয়ামি। ৯০ মিনিট শেষে যোগ করা ষষ্ঠ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিয়ামির সান্তিয়াগো মোরালেস। যা লাল কার্ডে পরিণত হলে মাঠ ছাড়েন। ১০ জনের দলটিকে শেষ মুহূর্তে হারিয়ে দেয় স্বাগতিকরা। অষ্টম মিনিটে জামাল থিয়ারের জয়সূচক গোল, ২-১এ হেরে যান মেসিরা।
২৭ ম্যাচে ১২ জয়, ১০ ড্র এবং ৫ হারে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে মিয়ামি। ৬০ পয়েন্টে শীর্ষে ন্যাশভিল এবং ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন।






