বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সী হিসেবে গোল করেছেন উইঙ্গার লেনার্ট কার্ল। এমৌসুমেই বায়ার্ন জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক কার্লের। অভিষেকে পাফোসের বিপক্ষে গোলশূন্য থেকে মাঠ ছাড়েন। আর ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পেলেন প্রথম গোল।
ইউরোপসেরার মঞ্চে বুধবার রাতে ম্যাচের শুরুতেই গোল করে আরেক জার্মান জামাল মুসিয়ালার রেকর্ড ভাঙেন কার্ল। চার বছর আগে মুসিয়ালা ইতালির ক্লাব লাসিওর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করে রেকর্ডটি গড়েছিলেন।
মুসিয়ালা সেদিন যে ৪২ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন, কার্লও একই জার্সিতে রেকর্ডটি ভাঙলেন। ১৭ বছর ২৪১ দিন বয়সে রেকর্ড করলেন কার্ল। মুসিয়ালার চেয়ে ১২১ দিন কম বয়সে।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, ‘অবশ্যই হাইপের ভক্ত নই, এখন কার্লের অবস্থা এমনই। তিনি ঘরের মাঠে দারুণ খেলেছেন। সবাই জানে তার গোল করার দক্ষতা আছে, এভাবে খেলা চালিয়ে গেলে আরও সুযোগ বাড়বে। অবশ্য আমি ভক্ত অনুশীলন ও শান্ত মনোভাবের।’
বায়ার্নের মূল দলের জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপে অকল্যান্ড সিটির বিপক্ষে অভিষেক কার্লের। সবধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচ খেলে প্রথম গোলটি পেলেন ক্লাব ব্রুগের বিপক্ষে।
কার্লের রেকর্ডের রাতে বায়ার্ন ৪-০ গোলে জয় পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে তিন ম্যাচে তিন জয় পাওয়া পাঁচ ক্লাবের একটি বায়ার্ন।







