বার্সেলোনায় পরিবার ও বন্ধুদের সাথে জমকালোভাবে ১৮তম জন্মদিন উদযাপন করেছেন লামিন ইয়ামাল। জন্মদিনে পেশাদার বামনদের নিয়ে বিনোদনের আয়োজন করেন। এ কর্মকাণ্ডের কারণে আছেন কঠোর সমালোচনার মুখে। ইয়ামালের বিরুদ্ধে সামাজিক ও আইনি ব্যবস্থা নেয়ার সতর্কতা এসেছে।
রোববার রাতে ইয়ামাল জন্মদিনে পরিবার এবং বন্ধুদের উদযাপনে বিনোদনের জন্য বামনদের আনেন। অ্যাচনড্রোপ্লাসিয়া ও অন্যান্য কঙ্কালজনিত বিকাশ সমস্যা সম্পন্ন ব্যক্তিদের অ্যাসোসিয়েশন (এডিইই) যা স্প্যানিশ কনফেডারেশন অব পিপল উইথ ফিজিক্যাল অ্যান্ড অর্গানিক ডিসঅ্যাবিলিটিজ (কোকেমফে)-এর সদস্য সংগঠন, তারা ইয়ামালের এ কাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে।
এডিইই জানিয়েছে, তারা এমন আচরণের বিরুদ্ধে সামাজিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তারা এটাকে স্টেরিওটাইপকে উৎসাহ দেয়া এবং বৈষম্য বলে দাবি করেছে। অ্যাচনড্রোপ্লাসিয়া বা অন্যান্য কঙ্কালজনিত সমস্যা সম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও অধিকারের প্রতি অসম্মানজনক হিসেবেও আখ্যা দিয়েছে।
এডিইইয়ের সভাপতি ক্যারোলিনা পুয়েন্তে বিবৃতিতে বলেছেন, ‘২১শ শতকে এসেও বামনদের ব্যক্তিগত পার্টিতে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। আর যদি লামিন ইয়ামালের মতো খ্যাতিমান বেক্তি করেন, তাহলে সেটি আরও গুরুতর। কোন কমিউনিটির মর্যাদা ও অধিকার কোনভাবেই অন্যের বিনোদনের বিষয় হতে পারে না।’
‘যখন একজন প্রভাবশালী ব্যক্তি এধরনের কর্মকাণ্ডে যুক্ত হন, তখন সমাজের বিশেষত তরুণদের মধ্যে একটি ভুল বার্তা পৌঁছে যায় যে, এমন বৈষম্য স্বাভাবিক ও গ্রহণযোগ্য। আমাদের ভিন্নতা যেন বিনোদনের বিষয় না হয়। আমরা চুপ থাকবো না। আমরা আমাদের কমিউনিটির মর্যাদা ও অধিকার রক্ষায় সোচ্চার থাকবো এবং এমন ঘটনার বিরুদ্ধে যথাযথ জবাব চাইবো যাতে ভবিষ্যতে এমনকিছু আর না ঘটে। আমরা অ্যাচনড্রোপ্লাসিয়া আক্রান্ত সব মানুষকে আহ্বান জানাই আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে।’
তবে সব বিতর্কিত পরিস্থিতিকে সামনে রেখেই ইয়ামাল ২০২৫-২৬ মৌসুমের প্রাক-প্রশিক্ষণের জন্য বার্সেলোনা ক্যাম্পে গেছেন। তিনি ক্লাবের কিংবদন্তি ১০ নম্বর জার্সিও পেতে পারেন। যে জার্সি ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা গায়ে জড়িয়েছেন।








