চেলসিতে খেলেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড কোল পালমার। গত রাতে এস্পানিওলকে হারিয়ে স্প্যানিশ লিগ লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সা। কৈশোর না পেরোনো তারকা উইঙ্গার লামিন ইয়ামাল সাফল্যের অন্যতম কারিগর ছিলেন মৌসুমজুড়ে। তাকে নিয়ে পালমার বলেছেন, ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড় এবং তার খেলা দেখতে ভালোবাসি।
মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। যেখানে ১৭ বর্ষী তারকা পাঁচ গোলের সাথে পাঁচটি অ্যাসিস্ট করেছেন। সেমিফাইনালে ইন্টার মিলানকে একাই নাচালেও দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে হেরে যেতে হয় বার্সাকে।
ইয়ামালকে নিয়ে চেলসি ফরোয়ার্ড বলেছেন, ‘বিষয়টি একেবারেই পাগলাটে মনে হবে। সত্যি কথা বলতে আমার মনে হয় সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমার মনে হয় ও যা করে, তার সবই ভেতর থেকে আসে এবং যখনই তাকে দেখি, পুরোই পাগলাটে মনে হয়।’
‘তার খেলার ধরন দেখে বোঝা যায় ও আত্মবিশ্বাসী এবং তার মধ্যে কোনো ভয় নেই এবং আমি ওর খেলা দেখতে ভালোবাসি।’
ইয়ামালের সাথে খেলা কেমন কঠিন প্রশ্নে পালমার বলেছেন, ‘আমি তার সাথে খেলিনি, সুতরাং জানিও না।’
২০২৪-২৫ মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দুই রাউন্ড হাতে রেখে শিরোপা জিতল বার্সা। সবমিলিয়ে এটি তাদের ২৮তম লা লিগা শিরোপা।
লা লিগার শিরোপার জয়ের মাধ্যমে ঘরোয়া ট্রেবল সম্পন্ন করেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা, গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কোপা এবং সবশেষ লিগ শিরোপা জিতলেন পেদ্রি-গ্যাভিরা।








