লা লিগায় সবশেষ সেল্টা ভিগো ও চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের স্বাদের পর স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা কাইলিয়ান এমবাপে ও রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে দুই হারের পর জয়ের দেখা পেয়েছে। জানুয়ারির পর লিগে প্রথম গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
জাভি আলোনসোর শিষ্যরা আলাভেসের মাঠে রোববার রাতে ২-১ ব্যবধানে জিতেছে। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে ৪ পয়েন্টে এনেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে দুই জয়ের পর লিগে ১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট রিয়ালের।
প্রথমার্ধের শুরুতেই গোলের দেখা পায় রিয়াল। লিড এনে দেন ফ্রেঞ্চ তারকা এমবাপে। ২৪ মিনিটে জুড বেলিংহ্যামের পাসে আলাভেসের জালে বল জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে বদলি নামা কার্লোস ভিনসেন্তে সমতায় ফেরান আলাভেসকে। মাঠে নামার এক মিনিটের মধ্যে গোল করেন তিনি।
আট মিনিট পর আবারও রিয়ালকে লিড এনে দেয় রদ্রিগো। স্বদেশী ভিনিসিয়াস জুনিয়রের পাসে আলাভাসের জালে বল জড়ান তিনি।
ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দলে একমাত্র গোলটি ছিল রদ্রিগোর। কিন্তু লা লিগায় ১১ মাসের মধ্যে প্রথম গোল পেলেন তিনি। কাইলিয়ান এমবাপের সঙ্গে এদিন রিয়াল জার্সিতে ৭০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রদ্রিগো।








