চলতি মৌসুমে লিগ ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখল বার্সেলোনা। নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর সরাসরি রেফারির দিকে অভিযোগের তির ছুঁড়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
সান সেবাস্তিয়ানে রোববার রাতে সোসিয়েদাদের কাছে ১-০তে হেরেছে বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ফ্লিকের দলের। এখন কার্লো আনচেলত্তির দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬ পয়েন্টের। ১৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে ১৩ মিনিটে ভিএআরে রবার্ট লেভান্ডোভস্কির গোল বাতিলের সিদ্ধান্ত। ফ্লিক বলছেন, ‘এটি ভিএআর থেকে একটি ভুল সিদ্ধান্ত ছিল। এটা পরিষ্কার বৈধ গোল ছিল। কিন্তু এখানে কিছুই করার নেই। এটা আমাদের মেনে নিতে হবে।’
‘দিনটি আমাদের ছিল না। প্রথমার্ধে আমাদের ভুগতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধটা ভালো ছিল। যাই হোক, দলকে বলেছি আমাদের এটা মেনে নিতে হবে। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
ম্যাচ শুরুর আধাঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সেলোনা জানায়, চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পাওয়ায় এখনও অস্বস্তি আছে স্পেনিয়ার্ড উইঙ্গার লামিন ইয়ামালের, যে কারণে সোসিয়েদাদের বিপক্ষে ছিলেন না ১৭ বর্ষী তারকা।








