সেল্টা ভিগোর বিপক্ষে দুই অর্ধের দুই গোলে জয়ের পথেই ছিল বার্সেলোনা। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর মুহূর্তে পাল্টে যায় চিত্র। পরের চার মিনিটে দুই গোল করে নাটকীয়ভাবে পয়েন্ট তুলে নিয়েছে সেল্টা। ১০ জন নিয়ে শেষ ১০ মিনিটে বার্সা হেরেছে এমন নয়, পুরো ম্যাচেই ভুল ছিল কাতালান দলটির, বলছেন কোচ হ্যান্সি ফ্লিক।
সেল্টার মাঠে শনিবার রাতে লা লিগায় ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। ১৫ মিনিটে রাফিনহা বার্সাকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট লেভান্ডোভস্কি। শেষদিকে সেল্টার হয়ে ৮৪ মিনিটে আলফানসো গঞ্জালেজ ও ৮৬ মিনিটে হুগো আলভারেজ গোল দুটি করেন।
ম্যাচ শেষে ৫৯ বর্ষী জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘শুধু শেষের দশ মিনিট নয়, পুরো ম্যাচজুড়েই আমরা খারাপ খেলেছি। আমাদের আরও বেশি তৎপর হতে হবে। এই ম্যাচে আমারা অনেক ভুল করেছি, প্রথমার্ধেও করেছি।’
‘বল নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। আমাদের নিয়মিত খেলাটা খেলতে পারিনি। কিছু পরিস্থিতিতে ভাগ্যবান ছিলাম তাই গোল পেয়েছি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কারণ এর পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না।’
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিনে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।







