টেস্টে ৯ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের সঙ্গে হাল ধরে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
শুক্রবার ব্যক্তিগত ৫৩ রানের সময় ৯ হাজারি ক্লাবে নাম লেখান কোহলি। বেঙ্গালুরুতে ক্যারিয়ারের ১১৬তম ম্যাচে এসে মাইলফলক গড়লেন ডানহাতি ৩৫ বর্ষী তারকা। টেস্টে কোহলির সেঞ্চুরি আছে ২৯টি। দলের বিপদের সময় ছুটছেন আরেকটি শতকের দিকেই।
নয় হাজার রানের ক্লাবে ঢুকে কোহলি সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের ১৮তে উঠে এসেছেন। তালিকার সবার উপরে তার স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার, রান ১৫,৯২১। ১৩,৩৭৮ রান নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২২২ রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে এখনও ১২৮ রান পিছিয়ে আছে। ক্রিজে আছেন বিরাট কোহলি ও সরফরাজ খান। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল রোহিত শর্মার দল।








