ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ১-০তে সিরিজে এগিয়ে আছে টিম টাইগার্স। সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে নামছে লিটন দাসের দল।
সেন্ট ভিনসেন্টে কিংসটাউনের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। খেলা গড়াবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
দ্বিতীয় টি-টুয়েন্টিতে একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে বল হাতে আলো ছড়াতে পারেননি পেসার তানজিম হাসান সাকিব। সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি। ৪ ওভারে ১১.৭৫ ইকোনমিতে ৪৭ রান খরচ করে উইকেট পেয়েছেন একটি। তাকে বিশ্রামে রেখে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তাতে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হতে পারে নাহিদ রানার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক),আফিফ হোসেন, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।








