করিম বেনজেমাদের ক্লাব আল-ইত্তিহাদের বিপক্ষে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাব আল-নাসের। আসর থেকে বিদায়ের পর আল-নাসের অধিনায়ক রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম আবেগঘন পোস্ট দিয়েছেন।
সতীর্থদের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘একতাবদ্ধ হয়ে মাথা উঁচু করে একসঙ্গে দাঁড়িয়েছি। শিখছি এবং একসঙ্গে সামনে এগিয়ে যাচ্ছি।’
শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়ার্ধে ১০ জনের ইত্তিহাদকে হারাতে ব্যর্থ হয় আল-নাসের। ইত্তিহাদের গোলপোস্টে ২২বার বল পাঠিয়েও ব্যর্থ হয় রোনালদো বাহিনী। প্রথমার্ধে পিছিয়ে পড়া ম্যাচে সমতায় ফেরা হয়নি তাদের। শেষপর্যন্ত ২-১ গোলের হার নিয়ে আসর থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসেরে অভিষেক রোনালদোর। সে বছর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও সেটি ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়। পর্তুগিজ কিংবদন্তি এপর্যন্ত ১৩টি অফিশিয়াল টুর্নামেন্টে আল নাসেরের হয়ে খেলেও ক্লাবকে কোনো শিরোপা জেতাতে পারেননি। ক্লাবটির হয়ে এপর্যন্ত তিনবার ফাইনালে খেলে সব কটিই হেরেছেন।








