ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের এসময় তিনি বলেন, খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোয় গুলি চালানোর নির্দেশ দেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, একজন ব্যক্তি (খামেনি) যিনি সব সময় তার প্রতিনিধিদের মাধ্যমে ইসরায়েল ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছেন। যে ব্যক্তি আমাদের আক্রমণ করতে প্রস্তুত, তার জীবিত থাকার অধিকার নেই। এই ব্যক্তিকে থামানো, তাকে নির্মূল করা আমাদের অভিযানের অংশ।
গত সপ্তাহে ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ বা ‘রেজিম চেঞ্জ’ আনার ইঙ্গিত দিয়ে আসছিল। এই অভিযানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ইংরেজি ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশে বলেছিলেন, আমরা আশা করি, এই সামরিক অভিযান আপনাদের স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করবে।
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে খামেনি প্রসঙ্গে বলেন, আমরা তাকে (খামেনি) হত্যা করছি না। অন্তত এখনই না, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।








