সাভারে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অন্য এক যুবক। এঘটনায় আহত হয়েছে আরও দুই জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনের পিতার নাম সেলিম মিয়া, বাড়ি নেত্রকোনা জেলার সদর থানার রাজু বাজার এলাকায়।
পুলিশ বলছে, রাতে বউবাজার এলাকায় শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনকে এলোপাথারি ছুরিকাঘাত করে এক যুবক। এসময় তাকে বাঁচাতে গেলে ওই যুবক মনিরের চাচাতো ও মামাতো ভাই আদনান ও ইমনকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ রাজন নামের এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা এবং আটক ওই যুবক তাকে হত্যা করেছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই দিদার বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তারা তদন্ত করছেন।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে সাভারের আড়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।








