যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনার পর রোববার (১ মার্চ) থেকে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। পাশাপাশি সাত দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কয়েক সপ্তাহের উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর শনিবার ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে জানান, ইরানে যুক্তরাষ্ট্রের “বড় ধরনের সামরিক অভিযান” চলছে। একই দিনে রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানে ইরান। আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পতনই তাদের অভিযানের লক্ষ্য।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।








