গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বেলা ১১টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয়।
আজ ৩১ ডিসেম্বর বুধবার বাদ জোহর সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের ওই বাসভবনে নেওয়া হয়। সেখানে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান বসবাস করেন।
আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, একই স্থানে ১৯৮১ সালের ২ জুন তাঁর স্বামী, তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, টানা ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।








