মাদক সেবনের জেরে প্রায় ২ বছর আগে মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ম্যাথিউ পেরি। সম্প্রতি সেই অভিনেতার কাছে প্রাণঘাতি মাদক সরবরাহ করায় ‘কেটামিন কুইন’ নামের সেই কুখ্যাত নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
জাসভিন সাংঘা নামের ওই নারী গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগের দোষ স্বীকার করেন। এর মধ্যে ছিল কেটামিন সরবরাহ করে মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ হওয়ার অভিযোগ।
অভিযোগকারীরা জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এই নারীর নর্থ হলিউডের বাসভবনটি ছিল একটি ‘মাদক বিক্রির আড্ডাখানা’। সেখানে ধনী ও প্রভাবশালী গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো।
দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সঙ্গে লড়াই করা ম্যাথু পেরিকে ২০২৩ সালের অক্টোবরে তার লস অ্যাঞ্জেলেসের বাড়ির হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু কেটামিনের তীব্র প্রভাবের কারণে হয়েছে বলে নিশ্চিত করেন তদন্তকারীরা।
কেটামিন একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক, যার কিছু হ্যালুসিনোজেনিক প্রভাব রয়েছে। এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহারের কথা।
আদালতে পেরির স্বজনরা বক্তব্য দেয়ার সময় সাংঘা কান্নায় ভেঙে পড়েন। পরে বিচারক তার সাজা ঘোষণা করেন। বিচারক বলেন, সাংঘাকে (ওরফে কেটামিন কুইন) তার অপরাধের জবাব দিতে হবে। গ্রেপ্তারের পর থেকে তিনি কোন অনুশোচনা দেখাননি।
আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে সাংঘা স্বীকার করেন, তার ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবন ধ্বংস করেছে। তিনি তার কর্মকাণ্ডের জন্য গভীরভাবে লজ্জিত ও দুঃখিত।
সাজার আগে বিচারকের কাছে সাংঘার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান পেরির সৎমা ডেবি পেরি। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত এনবিসিতে প্রচারিত সিটকম ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান পেরি। এই সিরিজ চলাকালেই মাদকের অন্ধকার জগতে প্রবেশ করেন তিনি।







