কাতারে মরুর বুকে লিওনেল মেসিরা উঁচিয়ে ধরেছিলেন ২০২২ ফিফা বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপের মতো বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করে সাড়া ফেলে দেয়ার পর অলিম্পিক গেমস আয়োজন করতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। ২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে বিডে অংশ নিয়েছে কাতার।
শেষপর্যন্ত সফল হলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে কাতার অলিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার কৃতিত্ব অর্জন করবে।
এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি রাষ্ট্রীয় বিবৃতিতে বলেছেন, ‘২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে। কাতারের ক্রীড়াঙ্গনে এটির মাধ্যমে আরও একটি মাইলফলক যুক্ত হল। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপ সফলভাবে আয়োজনের রেকর্ড বিডে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।’
প্রতি চারবছরে মহাদেশগুলোতে আবর্তিত হয় অলিম্পিক আয়োজন। ২০২৪, ২০২৮, ২০৩২ সালের অলিম্পিকে স্বাগতিক হিসেবে ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়া স্বত্ত পেয়েছে। যে কারণে ২০৩৬ সালের অলিম্পিক এশিয়া কিংবা আফ্রিকার কোন দেশে হওয়ার সম্ভাবনা বেশি।







