বৃহস্পতিবার (১২ জুন) একাধিক দুঃসংবাদে ভারাক্রান্ত ছিল ভারতীয় বিনোদন জগত। তার মধ্যে অন্যতম ছিল বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু!
সংবাদমাধ্যমের তথ্যানুসারে ৫৩ বছর বয়সী সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে।
সূত্র জানায়, দিল্লিতে পোলো খেলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন সঞ্জয়। মাঠ ছাড়ার অনুরোধ জানান তিনি, কিন্তু সেখানেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি—হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ হারান তিনি।
সঞ্জয়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কারিশমা কাপুরের বাড়ির সামনে হাজির হন গণমাধ্যম ও পাপারাজ্জিরা। রাতেই তার বোন কারিনা কাপুর ও ভগ্নিপতি সাইফ আলি খানকে দেখা যায় কারিশমার বাড়িতে প্রবেশ করতে। পরে কারিশমার ঘনিষ্ঠ বন্ধু মালাইকা আরোরা, আমৃতা আরোরা প্রমুখকেও বাড়িতে প্রবেশ করতে দেখা যায়।
২০০৩ সালে কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়। দীর্ঘ টানাপড়েনের পর ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান—সামায়রা (জন্ম ২০০৫) ও কিয়ান (জন্ম ২০১১)। বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় কাপুর বিয়ে করেন প্রিয়া সচদেবকে।
অভিনয়জীবনে কারিশমা কাপুরকে সর্বশেষ দেখা গেছেন ২০২৪ সালে ‘মার্ডার মোবারক’ ছবিতে। সেই ছবিতে আরও ছিলেন পঙ্কজ ত্রিপাঠি, সারা আলি খানসহ অনেকে। তিনি মাঝে মাঝে রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’-তেও বিচারকের আসনে দেখা দিয়েছেন। ইনস্টাগ্রামে নিয়মিতভাবে নিজের গ্ল্যামারাস লুকের জন্য প্রশংসিত হন কারিশমা।
সঞ্জয় কাপুরের অকালপ্রয়াণে বলিউডের বহু তারকা শোক প্রকাশ করেছেন। এখন পুরো কাপুর পরিবার শোকস্তব্ধ।








