ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুরে আত্মরক্ষায় দক্ষ হয়ে উঠছে ২ হাজার স্কুলপড়ুয়া ছাত্রী। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘মানবকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে বিনামূল্যে কারাতে শিখে নিজেদের ভয় জয় করছে এই কিশোরীরা।
সাদা পোশাক আর রঙিন বেল্টে সেজে এখন আত্মরক্ষার কৌশলে ব্যস্ত ঠাকুরগাঁওয়ের দুই উপজেলার শিক্ষার্থীরা। ইভটিজিং প্রতিরোধ ও মানসিক শক্তি বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার মেয়েকে কারাতে প্রশিক্ষণ দিচ্ছে মানবকল্যাণ পরিষদ। সংস্থাটির পক্ষ থেকে বিনামূল্যে পোশাক ও জার্মান মার্শাল আর্ট প্রশিক্ষণের এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
তারা জানায়, এই দক্ষতা পথে-ঘাটে তাদের চলাচলে আত্মবিশ্বাস ও নিরাপত্তা জোগাচ্ছে। কেবল শরীরচর্চা নয়, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি।
এভাবেই কারাতের হাত ধরে ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনপদে তৈরি হচ্ছে এক সাহসী ও স্বনির্ভর প্রজন্ম।








