কানপুর টেস্টের প্রথমদিনেও হানা দিয়েছিল বৃষ্টি। খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। দ্বিতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি। কয়েক দফা বৃষ্টিতে ভেস্তে গেছে দিনের খেলা। তৃতীয় দিনেও বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে শনিবারের মত খারাপ থাকবে না আবহাওয়া।
অ্যাকুওয়েদারের তথ্যমতে, রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কানপুরে। যার স্থায়িত্ব হতে পারে ঘণ্টাদুয়েক। বেলা ১১টায় বৃষ্টি থামতে পারে। দুপর ১টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এরপর রৌদ্রোজ্জ্বল দিন কাটবে। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫৯ শতাংশ। তবে খেলার শেষ দুদিন আবহাওয়া ভালো থাকবে।
শুক্রবার গ্রিনপার্কে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে একটু দেরিতেই টস গড়ায়। টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১০৭ রান করে টিম টাইগার্স। পরে বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় কয়েক দফা বৃষ্টিতে খেলা গড়ানোর সুযোগ হয়নি। দীর্ঘসময় অপেক্ষার পর দুপুরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তৃতীয় দিন মুমিনুল হক ৪০ রানে এবং মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটে নামবেন।


