বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি কাজল ও শাহরুখ খান। একসঙ্গে বহু রোমান্টিক ছবিতে কাজ করে তারা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ২০১৫ সালে রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। তারপর থেকেই ভক্তরা অপেক্ষা করছেন—কবে আবার রুপালি পর্দায় ফিরে আসবে তাদের রোমান্স।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কাজল জানালেন, তিনি শাহরুখ খানের সঙ্গে আবারও একটি রোমান্টিক সিনেমায় কাজ করতে চান। কাজলের এই মন্তব্যে ভক্তদের উত্তেজনা চূড়ায় পৌঁছেছে।
সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি এবং শাহরুখ খান, যারা একটি প্রজন্মকে প্রেমে বিশ্বাস করতে শিখিয়েছেন, তারা কি আজকের সময় ও আবেগকে প্রতিফলিত করে এমন কোনও পরিণত প্রেমের গল্পে আবারও একসঙ্গে কাজ করবেন?
কাজল হেসে জবাব দেন, “আমি এমন একটা সিনেমা দেখতে খুবই আগ্রহী। হ্যাঁ, অবশ্যই! কেন নয়? যদি শাহরুখ এখানে এসে বসে, তাহলে তাকে অবশ্যই এই প্রস্তাবটা দিতে পারো। দেখা যাক, কী হয়!” শুধু তাই নয়, শাহরুখ খানের প্রশংসা করতেও ভুল করেননি কাজল।
এদিকে কাজল এখন ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘মা’ নিয়ে। এটি একটি পৌরাণিক হররধর্মী ছবি, যেখানে এক শক্তিশালী মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে নিজের মেয়েকে রক্ষা করতে শেষপর্যন্ত লড়াই করেন।
অজয় দেবগন প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। ছবিটি মুক্তি পাবে ২৭ জুন এবং এটি হিন্দি, তামিল, তেলুগু ও বাংলা ভাষায় পাওয়া যাবে। ছবিতে আরও আছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জিতিন গুলাটি, গোপাল সিং, সূর্যশিখা দাস, ইয়ানিয়া ভরদ্বাজ, রূপকথা চক্রবর্তী এবং খেরিন শর্মা। –পিঙ্কভিলা








