পাকিস্তানে হয়ে গেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আসর। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হয়। পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জিতে ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
প্রথম তিন ম্যাচে রানরেটে এগিয়ে ছিল বাংলাদেশ। সেটি সুবিধা দিয়েছে। সমান পয়েন্ট নিয়েও আসর থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আসর শেষে বাছাইপর্বের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপঅর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। রিজার্ভ খেলোয়াড় হিসেবে ১২তম খেলোয়াড়ের জায়গা পেয়েছেন স্পিন-অলরাউন্ডার রাবেয়া খান।
স্কোয়াডের অধিনায়ক পাকিস্তানের ফাতিমা সানা। টপঅর্ডারের তিনে জায়গা করে নেয়া শারমিন সুপ্তা পাঁচ ম্যাচে করেছেন ২৬৬ রান। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৪ এবং একটি ক্যাচ নিয়েছেন। আসরে সুপ্তাকে বাংলাদেশের ‘ওয়াল’ খ্যাতি দিয়েছে আইসিসি। তিনি তিনটি ফিফটি পেয়েছেন।
একাদশের পাঁচে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাঁচ ম্যাচে মোট ২৪১ রান করার পাশাপাশি দুটি ক্যাচ এবং তিনটি স্টাম্পিং করেছেন। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ১০১, করেছিলেন থাইল্যান্ডের বিপক্ষে। ৮৩ এবং ৫১ রানের আরও দুটি ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
আইসিসি ওমেন্স টিম অব দ্য টুর্নামেন্ট
হেইলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ)
মুনিবা আলী (পাকিস্তান)
শারমিন আক্তার (বাংলাদেশ)
ক্যাথেরিন ব্রাইস (স্কটল্যান্ড)
নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ, উইকেটকিপার)
ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক)
চিনিলি হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
অ্যালিয়া অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যাথেরিন ফ্রেসার (স্কটল্যান্ড)
নাসারা সান্ধু (পাকিস্তান)
সাদিয়া ইকবাল (পাকিস্তান)
রিজার্ভ খেলোয়াড়:
রাবেয়া খান (বাংলাদেশ)








