আগামী অক্টোবর-নভেম্বরে ভারত-শ্রীলঙ্কায় বসতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের জন্য আগেই ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। ফর্মে থাকলেও জায়গা পাননি জান্নাতুল ফেরদৌস সুমনা। বিশ্বআসরে যাওয়ার আগে সুমনার বাদ পড়ার কারণ জানালেন দলের প্রধান কোচ সরোয়ার ইমরান। মূলত বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে অনীহা প্রকাশ করায় বাদ পড়েছেন তিনি।
মঙ্গলবার বিশ্বকাপ খেলার জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ সরোয়ার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে কোচ জানান সুমনার বাদ পড়ার কারণ।
‘সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল, আমাদের অনেকদিন লেগেছে সিদ্ধান্ত নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন খেলি, বিশ্বকাপে তখন ওদের বাঁহাতি ব্যাটারটা নটআউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বললো, সুমনা বল করে নাই এবং ঢাকাতে হোক, অনুশীলনে হোক, সবসময় বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ও বল করতে পারে না।’
‘আমাদের মেইন খেলা পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে। আমাদের একটা অফস্পিনার লাগবে যে বাঁহাতিকে বল করতে পারে। লেফটিকে বল করতে পারে আর যে অফস্পিনারকে নেয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম। অ্যাকুরেসি অনেক বেটার তার থেকে। সেটা রাইটি হোক, লেফটি হোক। সেই চিন্তা করে সুমনা বাদ পড়েছে। সুমনা কোন পারফরম্যান্সের কারণে বাদ পড়ে নাই। আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ পড়েছে সুমনা।’
বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।








