বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের মেয়েদের। ২০২৫ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে তাই নিগার সুলতানা জ্যোতিদের খেলতে হবে বাছাইপর্ব। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের নেতৃত্ব থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিনার নাহিদা আক্তার।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। তাদের জায়গায় দলে এসেছেন ইশমা তানজিম, জান্নাতুল ফেরদৌস ও রিতু মনি। সর্বশেষ মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন শেল্টেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন ইশমা ও জান্নাতুল।
পাকিস্তানের লাহোরে ৫-১৯ এপ্রিল হবে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী ৩ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে লড়তে হবে নিগার সুলতানাদের। এর মধ্যে দুই ফাইনালিস্ট দল জায়গা পাবে বিশ্বকাপে।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।








